ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কৃষক হক আলী হত্যা মামলায় বাবা-ছেলেসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৫ মার্চ) দুপুরে ঝিনাইদহ জেলা দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- হরিণাকুন্ডু উপজেলার কালাপাড়িয়া আবাসনের বাসিন্দা এলেম মন্ডলের ছেলে আসাদুল হক, মান্দিয়া গ্রামের দরাপ আলীর ছেলে খাকচার আলী মন্ডল ও তার ছেলে আনিচুর রহমান। রায় ঘোষণার পর তাদের তিন জনকেই জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার বিবরণে জানা
যায়, ২০১৪ সালের ৭ জুলাই হরিণাকুন্ডু উপজেলার মান্দিয়া গ্রামের কৃষক হক আলীকে মোবাইলে ডেকে নিয়ে যায় আসাদুল নামের এক ব্যক্তি। ৯ জুলাই সকালে গ্রামের একটি কলাবাগান থেকে তার মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা খাতুন বাদী হয়ে ২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে হরিণাকুন্ডু থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ২০১৫ সালের ১ মার্চ পুলিশ ৪ জনকে আসামি করে আদালতে চার্জশিট দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত রোববার আসাদুল হক, খাকচার আলী মন্ডল ও আনিচুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন। মামলা চলাকালে আসামি তোয়াজ উদ্দিন ২০১৯ সালের ১০ মার্চ মারা যাওয়ায় তাকে মামলা থেকে বাদ দেওয়া হয়েছে।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন