প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৭:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৫, ৯:৫০ পূর্বাহ্ণ
থানা থেকে ছিনিয়ে নেয়া ছাত্রদল নেতা ঈশ্বরদী থেকে গ্রেফতার

নাটোরের লালপুর থানা থেকে ছিনিয়ে নেয়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে একদিনের মাথায় পাবনার ঈশ্বরদী থেকে গ্রেফতার করেছে নাটোর জেলা পুলিশ।
বুধবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হুসাইন। এ নিয়ে এই ঘটনায় মোট ৪ জনকে গ্রেফতার করা হলো।
পুলিশ সুপার বলেন, ‘রুবেলকে গ্রেফতার করে লালপুর থানায় আনা হয়েছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’
এর আগে মঙ্গলবার (৮ এপ্রিল) রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে রুবেলের বোন রুপা খাতুন (২৫), ফারজানা ইয়াসমিন বৃষ্টি (২০) ও যুবদল কর্মী মাসুদ রানা (৪৫)-কে গ্রেফতার করা হয়। তারা নাটোর সদর থানায় অবস্থান করছেন। পরে বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, মঙ্গলবার দুপুরে জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিনকে বাগাতিপাড়া উপজেলায় বিএনপি নেতার বাড়িতে গুলি বর্ষণের ঘটনায় করা মামলায় গৌরিপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়। কিন্তু দুপুরেই থানা চত্বরে ছাত্রদল ও যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত হয়ে রুবেলকে ছেড়ে দেয়ার জন্য চাপ দেয়। পুলিশ অসম্মতি জানালে তারা হট্টগোল শুরু করে এবং একপর্যায়ে রুবেলকে ছিনিয়ে নিয়ে যায়।
এই ঘটনায় মঙ্গলবার রাতে ৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন
Copyright © 2025-2026 শীর্ষ খবর. All rights reserved. Web Design: shirsokhabor media