
মেঘনা-গোমতী সেতুর টোল আদায়ের কাজে চুক্তিগত অনিয়ম, দরপত্রে কারসাজি ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। রবিবার (২১ ডিসেম্বর) দুদকের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের অবকাশকালীন বিচারক আব্দুল্লাহ আল মামুন এই আদেশ প্রদান করেন। গত ১২ অক্টোবর দুদক বাদী হয়ে এই মামলাটি দায়ের করেছিল।
নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের, আনিসুল হক এবং সাবেক প্রতিমন্ত্রী এমএ মান্নান। এছাড়া সাবেক সচিব এমএএন ছিদ্দিক, অতিরিক্ত সচিব ফারুক জলিল, উপসচিব মোহাম্মদ শফিকুল করিমসহ সরকারের বেশ কয়েকজন উচ্চপদস্থ প্রকৌশলী এবং সিএনএস লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপরও এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। দুদকের সহকারী পরিচালক তানজিল হাসানের আবেদনের প্রেক্ষিতে আদালত এই সিদ্ধান্ত নেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালে সিএনএস লিমিটেডকে টোল আদায়ের দায়িত্ব দিতে আগের দরপত্রটি ইচ্ছাকৃতভাবে বাতিল করা হয়েছিল। পরবর্তীতে ‘একক উৎসভিত্তিক’ দরপত্র আহ্বান করে কোনো প্রতিযোগিতামূলক পদ্ধতি ছাড়াই সিএনএসের সঙ্গে চুক্তি করা হয়। সেখানে টাকার অঙ্ক নির্ধারণ না করে মোট টোল আদায়ের ১৭ দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জ হিসেবে ধার্য করা হয়। নথিপত্র অনুযায়ী, ২০১০-১৫ মেয়াদে অন্য একটি প্রতিষ্ঠান যেখানে মাত্র ১৫ কোটি ৫৮ লাখ টাকায় দায়িত্ব পালন করেছিল, সেখানে সিএনএস একই মেয়াদের জন্য প্রায় পাঁচ গুণ বেশি বিল উত্তোলন করে।
তদন্ত প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, সিএনএস লিমিটেড তথাকথিত নতুন প্রযুক্তি স্থাপন ও অবকাঠামো ব্যয়ের নামে অতিরিক্ত ৬৭ কোটি ৪৩ লাখ টাকা দাবি করে। আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও প্রতারণার মাধ্যমে রাষ্ট্রের মোট ৩০৯ কোটি ৪২ লাখ টাকা আর্থিক ক্ষতি করেছেন, যা দণ্ডবিধি ও দুর্নীতি প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।
উল্লেখ্য, গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। মামলার অন্য আসামিদের মধ্যে ওবায়দুল কাদেরসহ বেশ কয়েকজন বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে জানা গেছে। আদালতের এই আদেশের ফলে তদন্তধীন এই মামলায় আসামিদের গতিবিধি নিয়ন্ত্রণে আইনি পদক্ষেপ আরও জোরদার হলো।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন