জনতার অর্থে নির্বাচন করতে চান ব্যারিস্টার ফুয়াদ, প্রকাশ্যে বিকাশ–নগদ নম্বর
রুবেল সরদার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) সংসদীয় আসনে এবারের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও আসনটির আলোচিত প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনী ব্যয় মেটাতে তিনি সরাসরি জনতার কাছে আর্থিক সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রকাশ করেছেন।
এর আগে ঢাকা-৯ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা একইভাবে অনলাইনে নির্বাচনী তহবিল সংগ্রহের উদ্যোগ নেন। রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে, সেই পথ অনুসরণ করেই ব্যারিস্টার ফুয়াদ জনতার অর্থে নির্বাচন করার কৌশল বেছে নিয়েছেন।
রোববার (৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে ৪৭ সেকেন্ডের একটি ভিডিও বার্তা পোস্ট করেন ব্যারিস্টার ফুয়াদ। ভিডিও বার্তায় তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে এবি পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার কথা জানান এবং সমর্থকদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন করেন।
ফেসবুক পোস্টের শিরোনামে তিনি লেখেন, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের আর্থিক সহযোগিতা প্রয়োজন। আমি বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে নির্বাচন করছি। পাঁচটি বড় নদীঘেরা প্রত্যন্ত ও প্রান্তিক অঞ্চলে নির্বাচনী প্রচারণার খরচ মেটাতে দরকার আপনাদের দোয়া ও আর্থিক সহযোগিতা।”
তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশ বিনির্মাণের লড়াই শহীদদের রেখে যাওয়া আমানত।
ওই পোস্টে ব্যারিস্টার ফুয়াদ জানান, যারা জনতার টাকায় জনমুখী রাজনীতিতে সহায়তা করতে চান, তাদের জন্য তিনি বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করেছেন। এসব মাধ্যমে প্রাপ্ত অর্থ তাঁর নির্বাচনী তহবিলে যুক্ত হবে।
ভিডিও বার্তায় ব্যারিস্টার ফুয়াদ বলেন, “আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি এবি পার্টির পক্ষ থেকে ঈগল প্রতীকে বরিশাল-৩ আসন থেকে নির্বাচন করছি। নির্বাচন করতে অর্থ প্রয়োজন। আমার ব্যক্তিগত আর্থিক অবস্থা এমন নয় যে নিজের টাকায় পুরো নির্বাচনী ব্যয় বহন করতে পারি। তাই যারা আমাকে ভালোবাসেন ও সমর্থন করেন—অনলাইনে কিংবা অফলাইনে—তাদের কাছে বিনীতভাবে অনুরোধ, যাদের পক্ষে সম্ভব তারা যেন আমার নির্বাচনী তহবিলে সহযোগিতা করেন।”
তিনি আরও জানান, নির্বাচনী তহবিলে প্রাপ্ত অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় করা হবে, তার পূর্ণাঙ্গ হিসাব নিয়মিতভাবে জনসমক্ষে প্রকাশ করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার অঙ্গীকারের মধ্য দিয়ে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভিডিও বার্তাটি শেষ করেন তিনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে প্রকাশ্যে নির্বাচনী তহবিল সংগ্রহের এই উদ্যোগ দেশের রাজনীতিতে নতুন এক ধারা তৈরি করতে পারে। বিশেষ করে নদীবেষ্টিত ও প্রত্যন্ত এলাকা নিয়ে গঠিত বরিশাল-৩ আসনে এ ধরনের জনভিত্তিক অর্থায়ন কতটা কার্যকর হয়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন