কেন্দ্র দখলের প্রস্তুতি নেওয়া হচ্ছে, অশান্তি করলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী : ফুয়াদ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোট মনোনীত বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ বলেছেন, কিছু ব্যক্তি অস্ত্র ও গোলাবারুদ মজুত করে নির্বাচনকেন্দ্র দখলের প্রস্তুতি নিচ্ছে। তবে ১২ ফেব্রুয়ারি কেউ যদি অশান্তি সৃষ্টি করতে আসে, আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বরিশালের বাবুগঞ্জ কলেজ গেট এলাকায় ঈগল প্রতীকের পক্ষে নির্বাচনী গণমিছিলের আগে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, চাঁদাবাজি ও গুণ্ডামির রাজনীতি আর চলতে দেওয়া হবে না। বাবুগঞ্জ–মুলাদীকে চাঁদাবাজমুক্ত করা হবে। ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করবেন, কাউকে এক টাকাও চাঁদা দিতে হবে না। মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের উদ্দেশে তিনি বলেন, আইনের মধ্যে ফিরে আসুন। না হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন শুধু একটি ভোটের দিন নয়। এটি বাবুগঞ্জ–মুলাদীর কাঁচা রাস্তা পাকা করার নির্বাচন, হাট-বাজার ও খেয়াঘাট দালালমুক্ত করার নির্বাচন; সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার নির্বাচন এবং নারীসমাজ রক্ষার নির্বাচন।
ব্যারিস্টার ফুয়াদ আরও বলেন, জনপ্রতিনিধিদের বারবার বেঈমানির কারণে দেশ ও জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে। লাল-সবুজের পতাকার মর্যাদার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। এবার জনগণ পুরোনো সেই রাজনীতিকে প্রত্যাখ্যান করবে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে উল্লেখ করে তিনি ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের নেতাকর্মীদের ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানান।
কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, গত এক বছর ধরে উন্নয়ন ও কর্মসংস্থানের পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে। ভোলার গ্যাসক্ষেত্র থেকে ৩০ শতাংশ বাজেট বরিশালে এনে যুবসমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
আইনশৃঙ্খলা বাহিনী ও প্রিসাইডিং অফিসারদের প্রতি আহ্বান জানিয়ে ব্যারিস্টার ফুয়াদ বলেন, নতুন বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং পুরোনো দুর্নীতিবাজ রাজনীতিকে না বলতে হবে। বক্তব্যের শেষদিকে তিনি ১২ ফেব্রুয়ারি ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের ‘ঈগল’ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে ঈগল প্রতীকের পক্ষে একটি নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুর রহমান অলিদ, বাবুগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক সালাম মাঝিসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন