বরিশালের ঝুলিতে ৫ মন্ত্রীত্ব: পূর্ণমন্ত্রী ২, প্রতিমন্ত্রী ৩
বরিশাল প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত নতুন মন্ত্রিসভায় বরিশাল বিভাগ থেকে মোট ৫ জন সংসদ সদস্য স্থান পেয়েছেন। এর মধ্যে ২ জন পূর্ণমন্ত্রী এবং ৩ জন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর একই দিন বিকেলে তারা রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন–এর কাছে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন।
বরিশাল বিভাগের ৬ জেলার ২১টি সংসদীয় আসনের মধ্যে ১৮টিতে জয় পেয়েছে বিএনপি জোট। নির্বাচনী ফলাফলের এই শক্ত অবস্থানের প্রতিফলন হিসেবেই বরিশাল বিভাগ থেকে পাঁচজনকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে।
ভোলা-৩ (লালমোহন–তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) পূর্ণমন্ত্রী হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তিনি ১ লাখ ৪৫ হাজার ৯৯০ ভোট পেয়ে নির্বাচিত হন। এর আগে একাধিক মেয়াদে বাণিজ্য প্রতিমন্ত্রী, পাটমন্ত্রী, পানিসম্পদমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে তাকে অভিজ্ঞ মন্ত্রী হিসেবে দেখা হচ্ছে।
এদিকে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি নির্বাচনে ১ লাখ ৫২২ ভোট পেয়ে জয়ী হন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও দলটির মিডিয়া সেল প্রধান হিসেবে দায়িত্ব পালন করা এই নেতা এর আগেও একই আসন থেকে সংসদ সদস্য ছিলেন।
বরিশাল-৪ (হিজলা–মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য রাজিব আহসান প্রতিমন্ত্রী হিসেবে সড়ক পরিবহণ ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েই তিনি মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হন। নির্বাচনে তিনি ১ লাখ ২৭ হাজার ১৯২ ভোট পেয়ে জয়ী হন। তিনি জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।
পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনের সংসদ সদস্য নুরুল হক নুর প্রতিমন্ত্রী হিসেবে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি হিসেবে পরিচিত। তার অন্তর্ভুক্তি রাজনৈতিক অঙ্গনে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
পিরোজপুর-২ (ভান্ডারিয়া–কাউখালী–স্বরূপকাঠি) আসনের সংসদ সদস্য আহম্মদ সোহেল মঞ্জুর প্রতিমন্ত্রী হিসেবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। তিনি পেশায় আইনজীবী এবং বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১ লাখ ৫ হাজার ১৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
বরিশাল বিভাগ থেকে একসঙ্গে পাঁচজনের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি বিভাগজুড়ে রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও প্রত্যাশা সৃষ্টি করেছে। স্থানীয়দের আশা, নতুন মন্ত্রিসভায় বরিশালের প্রতিনিধিরা অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং নদীভাঙন ও উপকূলীয় এলাকার সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।

















