
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই জমে উঠছে প্রচারণার মাঠ। প্রতিটি প্রার্থীই ভোটারদের কাছে পৌঁছাতে নিচ্ছেন ভিন্ন ভিন্ন কৌশল। নদীবেষ্টিত বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনেও গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন ভ্যানযোগে ব্যতিক্রমধর্মী গণসংযোগ চালিয়ে সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দিনভর তিনি ভ্যানযোগে হাটবাজার ও গ্রামের বাড়ি বাড়ি ঘুরে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এ সময় তিনি রহমতপুর বাজার, রামপট্টি, মানিকাঠী, দোয়ারিকা, খানপুরা এবং বাবুগঞ্জ বাজার এলাকায় থেমে থেমে কৃষক, ব্যবসায়ী, তরুণ ও নারীদের সঙ্গে কথা বলেন। গণসংযোগকালে ফারদিন ইয়ামিন শুধু ভোট চাইতেই আসেননি; বরং মানুষের সমস্যা, প্রত্যাশা ও প্রয়োজনের কথা মনোযোগ দিয়ে শোনেন।
তিনি বলেন, “আমি শুধু প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইতে আসিনি। মানুষের বাস্তব সমস্যার কথা শুনে কার্যকর পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। ইতালিতে কাজ করার সময় টেকসই উন্নয়নের যে অভিজ্ঞতা অর্জন করেছি, সেটি বাবুগঞ্জ ও মুলাদীর উন্নয়নে কাজে লাগাতে চাই।”
প্রার্থী জানান, নির্বাচিত হলে বাবুগঞ্জ ও মুলাদীতে দুটি আধুনিক হাসপাতাল নির্মাণ, স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের ছোট শিল্পকারখানা স্থাপন এবং নদীভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে উদ্যোগ নেওয়া হবে।
স্থানীয় ভোটাররা জানান, ভ্যানযোগে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলার এই উদ্যোগ প্রার্থীকে অন্যদের থেকে আলাদা করেছে। এতে সাধারণ মানুষের মধ্যে আগ্রহ ও প্রত্যাশাও বেড়েছে।
গণসংযোগ শেষে ভোটারদের উদ্দেশে ফারদিন ইয়ামিন বলেন, “ভোট দিয়ে শুধু একটি নাম নয়, পরিবর্তনের পক্ষে রায় দিন। আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাক প্রতীকে ভোট দিয়ে আমাদের একসঙ্গে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার সুযোগ দিন।”
এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে ট্রাক প্রতীকের পক্ষে ভোট চেয়ে প্রচারণা চালান।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন