উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বিভিন্ন শারীরিক সমস্যার কারণে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সেলিমা রহমান।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সাড়ে ৮টার একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
সেলিমা রহমানের ভাইয়ের ছেলে পারভেজ খান জানান, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটাই ভালো বোধ করছেন। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসা ও পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।
তার আরেক নিকটাত্মীয় এস এম মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন বলেন, গতকাল (৪ মার্চ) রাত ৮টার দিকে তিনি ইউনাইটেড হাসপাতালে গিয়ে সেলিমা রহমানের শারীরিক খোঁজখবর নেন। তখন তিনি আগের তুলনায় অনেকটাই সুস্থ বোধ করছিলেন। আজ সকালে তিনি শারীরিক চেক-আপের জন্য সিঙ্গাপুরে গেছেন।
প্রসঙ্গত, গত ১৯ ফেব্রুয়ারি রাতে শারীরিক অসুস্থতার কারণে সেলিমা রহমানকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি জ্বর, শরীর ব্যথা ও ফুসফুসে সংক্রমণে ভুগছিলেন। পরে তার পায়ে তীব্র ব্যথা অনুভূত হলে পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তার পায়ের শিরায় রক্ত জমাট বাঁধার রোগ ডিপ ভেইন থ্রম্বোসিস (ডিভিটি) ধরা পড়ে।
পরবর্তীতে তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসায় তার শারীরিক অবস্থার উন্নতি হয়।



















