বাবুগঞ্জে ঢাকাস্থ রহমতপুর কল্যাণ সমিতির ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে উৎসবমুখর পরিবেশে ঢাকাস্থ রহমতপুর কল্যাণ সমিতির উদ্যোগে ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ তারিখ) সন্ধ্যা ৭টায় রহমতপুরের কামিনী রিফ্রেশ জোনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, রহমতপুর কল্যাণ সমিতি একটি অরাজনৈতিক ও সামাজিক সংগঠন, যা নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

ঢাকাস্থ রহমতপুর কল্যাণ সমিতির উদ্দোক্তা হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ ইমন আহমেদ, মোঃ আনায়ার ফকির, মোঃ জাকির চাকলাদার, মোঃ পলাশ ফকির, মোঃ রিয়াজ বয়াতী ও মোঃ গোলাম রাব্বি হাওলাদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরিফুর রহমান সুমন জোমাদ্দার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আরিফ হোসেন এবং বিমানবন্দর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল সরদার। এছাড়াও স্বপন হোসেন, সিদ্দিকুর রহমান, নুরে আলম চাকলাদারসহ মোট ১০৫ জন শেয়ারহোল্ডার ও তাদের পরিবারবর্গ এতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত সবার অংশগ্রহণে এক আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসে বা ঢাকায় অবস্থান করলেও নিজ এলাকার মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং একে অপরের পাশে দাঁড়াতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সমিতির পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে তাদের সঞ্চয়ের পরিমাণ প্রায় ৫০ লক্ষ টাকা। ভবিষ্যতে এই তহবিলের মাধ্যমে আবাসন প্রকল্প বাস্তবায়ন ও জমি ক্রয়ের পরিকল্পনা রয়েছে, যা সদস্যদের জন্য একটি স্থায়ী কল্যাণমূলক উদ্যোগ হিসেবে বিবেচিত হবে।
অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করা হয়।



















