
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
আড়িয়াল খাঁ নদীর ওপর জনগুরুত্বপূর্ণ মীরগঞ্জ সেতুর নির্মাণকাজ খুব শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
শনিবার (১৫ আগস্ট) বিকেলে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মধ্য গাজীপুর থেকে দক্ষিণ ভবানীপুর পর্যন্ত এক হাজার মিটার সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে মীরগঞ্জ সেতুর নির্মাণকাজ বন্ধ হয়ে গেছে—এমন আলোচনা প্রসঙ্গে অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি বলেন, ‘মীরগঞ্জ সেতুর কাজ বন্ধ হয়ে গেছে—এমন কথা অনেকে ফেসবুকে লিখছেন। আপনাদের উদ্দেশ্যে পরিষ্কারভাবে বলতে চাই, এই সেতুর প্ল্যান পাস হয়ে গেছে। গতকাল চারটি কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি হয়েছে। জেলা প্রশাসন জমি অধিগ্রহণের কাজও শুরু করে দিয়েছে। মীরগঞ্জ সেতুর কার্যক্রম খুব দ্রুতগতিতে শুরু হবে এবং কাজ সম্পন্ন করা হবে।’
তিনি বলেন, মীরগঞ্জ সেতু এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা। সেতুটির নির্মাণকাজ বাস্তবায়িত হলে বাবুগঞ্জ, মুলাদীসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগব্যবস্থা আরও সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।
উন্নয়ন প্রসঙ্গে অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি বলেন, ফ্যাসিস্ট সরকারের ১৭ বছরে মানুষ যে উন্নয়ন পায়নি, আগামী তিন বছরের মধ্যে রাস্তাঘাট, কালভার্টসহ প্রয়োজনীয় সব উন্নয়নকাজ করে তা দেখিয়ে দেওয়া হবে। যে কাজ শুরু হয়েছে, তা আর বন্ধ হবে না। এসব উন্নয়নকাজ চলতেই থাকবে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে গ্রামের মানুষের জন্য সাহায্য-সহযোগিতা করছেন, এভাবে কার্যক্রম চলতে থাকলে আগামী তিন বছরের মধ্যে প্রয়োজনীয় উন্নয়নকাজ সম্পন্ন করা সম্ভব হবে।
দেশের উন্নয়নে সততা ও স্বচ্ছতার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, তারেক রহমান চুরি পছন্দ করেন না, বিদেশে টাকা পাঠাতে চান না। আমরা যদি সৎভাবে থাকি, তাহলে দেশের উন্নয়নের জন্য টাকা-পয়সার কোনো সমস্যা হবে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও সবসময় সততা ও দেশপ্রেমের ওপর গুরুত্ব দিয়েছেন।
তিনি আরও বলেন, ১৮০ দিনের কর্মসূচি অনুযায়ী দায়িত্ব গ্রহণের এই পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত সাহসিকতার সঙ্গে অনেক কাজ দিয়েছেন। এর সুফল জনগণ পেতে শুরু করেছে। তবে এটি শেষ নয়, মাত্র শুরু—একেবারে প্রথম পর্যায়।
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে অ্যাডভোকেট জয়নুল আবেদীন এমপি বলেন, তারেক রহমান নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন, তিনি প্রধানমন্ত্রী হলে দেশের মানুষের ঘরে ঘরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। আগামী দিনগুলোতে সাড়ে চার কোটি ফ্যামিলি কার্ড দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতোমধ্যে তথ্য সংগ্রহের কার্যক্রম শুরু হবে। আপনারা সবাই ফ্যামিলি কার্ড পাবেন। এ নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা, উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমদ খান, সদস্যসচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, কেন্দ্রীয় যুবদলের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইউনুস আলী রবি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম ফকির ও আলমগীর হোসেন স্বপন, কেন্দ্রীয় ছাত্রদল নেতা সালাউদ্দিন হিমেল এবং চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন হোসেনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় মধ্য গাজীপুর থেকে দক্ষিণ ভবানীপুর পর্যন্ত এক হাজার মিটার সড়কের কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়।
বার্তা সম্পাদকীয় কার্যালয়ঃ-
মৌচাক,কালিয়াকৈর,গাজীপুর-১৭৫১
ইমেইলঃ shirsokhabor24@gmail.com
মোবাইলঃ ০১৭১২১৫২৬৮৫
আমাদের পরিবারে যুক্ত হতে দ্রুত যোগাযোগ করুন