মো: নাঈমুর রহমান,নোবিপ্রবি প্রতিনিধিঃ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) চাঁদপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির সাবেক কমিটির সুপারিশক্রমে উপদেষ্টামণ্ডলী আগামী এক বছরের জন্য এই কমিটি অনুমোদন করেন। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সংগঠনের উপদেষ্টামণ্ডলীর স্বাক্ষরে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ৭৩ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী শাহরিয়ার জামান সৈকতকে সভাপতি ও সমাজকর্ম বিভাগের ১৪তম আবর্তনের শিক্ষার্থী শাকিল প্রধানিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী এক বছরের জন্য এ কার্যনিবার্হী কমিটি অনুমোদন দেওয়া হলো। নতুন কমিটিতে আরিফুর রহমানকে ১নং সহ—সভাপতি ও জুয়েল আহমেদকে ১নং যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক শাকিল প্রধানিয়া বলেন, আমি আমার দায়িত্বের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে চাঁদপুরের শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকবো এবং সংগঠনের গতিশীলতা বৃদ্ধিসহ নানাবিধ কার্যক্রমের মধ্যে দিয়ে চাঁদপুরের শিক্ষক এবং শিক্ষার্থী পরস্পরের মধ্যে একটি সুন্দর মেলবন্ধন তৈরী করবো।
সভাপতি শাহরিয়ার জামান সৈকত বলেন, নোবিপ্রবিতে চাঁদপুরের শিক্ষার্থীরা একে অপরের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক বজায় রাখার মাধ্যমে আগামীর দিনগুলোতে ঐক্যবদ্ধ থাকবে বলে আমরা বিশ্বাস করি।



















