খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া প্রস্তুতিতে ঐক্যবদ্ধ চাঁদপাশা বিএনপি
রুবেল সরদার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলের প্রস্তুতিকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হয়েছে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়ন বিএনপি ও এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে চাঁদপাশা ইউনিয়ন পরিষদ মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত দোয়া মাহফিলের প্রস্তুতি সভায় এই ঐক্যের দৃশ্য দেখা যায়। সভায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন এবং উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য ওয়াহিদুল ইসলাম প্রিন্সের আহ্বানে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করার ঘোষণা দেন।
দীর্ঘদিন ধরে রাজনৈতিক মতাদর্শ এক থাকলেও বিএনপি, যুবদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে যে দূরত্ব ও বিভক্তি বিরাজমান ছিল, চাঁদপাশার সন্তান দুই প্রভাবশালী নেতার উদ্যোগে তা ঘুচে গেছে বলে মন্তব্য করেন স্থানীয় নেতাকর্মীরা।
চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন এবং উপজেলা বিএনপির সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামসুল আলম ফকির, জেলা দক্ষিণ যুবদলের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহজুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব, বিএনপি নেতা ইউসুফ মাস্টার, মো. শাহিন হোসেন, যুবদল ইউনিয়ন সভাপতি শাহজুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ রাঢ়ী, জেলা ছাত্রদল নেতা সোহেল রানা, বিএনপি নেতা রুবেল সরকার, আব্দুল রশিদ খান, আলমগীর হোসেন, আব্দুর রাজ্জাক মৃধাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সভা পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ইরান ও বিএনপি নেতা হুমায়ুন কবির।
সভায় বক্তব্যে ওয়াহিদুল ইসলাম প্রিন্স বলেন,
“দলের স্বার্থে বিএনপি ও অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দের পর আমরা সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে প্রচারণায় নামবো।”



















