বাবুগঞ্জে অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ৫০ হাজার
বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কিসমত চাঁদপাশা এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বরিশাল জেলা প্রশাসনের নির্দেশনায় বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্নার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে লাইসেন্স ছাড়া ইটভাটা পরিচালনা, ড্রাম চিমনি ব্যবহার এবং কৃষিজমি থেকে ইট তৈরির জন্য মাটি কাটার অভিযোগে ‘মা ব্রিকস’ নামের একটি ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এ সময় অবৈধভাবে প্রস্তুত করা ইট ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ঢেলে নষ্ট করে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না সাংবাদিকদের জানান, পরিবেশ ও কৃষিজমি সুরক্ষায় অবৈধ ইটভাটা এবং মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।



















