কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় এক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশা চালকসহ দুই নারী ও এক শিশু নিহত হয়েছেন। (৩১ অক্টোবর) সোমবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন,অটোরিকশা চালক হাবিবুর রহমান (২৭), দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামের বাবুল মিয়ার ছেলে। চান্দিনা মাধাইয়া এলাকার তন্নী (২০) ও তার মেয়ে মুনতাহা (৩)। অপর নারীর পরিচয় পাওয়া যায়নি। গুরুতর আহত সিয়াম, রাজিয়া ও জাহিদ নামের তিনজনকে কাবিলা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এলাকাবাসী জানায়, কুমিল্লামুখী একটি সিএনজি অটোরিক্সাটিকে কাঠেরপুল ডাম্পিং এলাকায় বেপরোয়া গতির একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়, পরে পেছন থেকে অপর একটি পিকআপ অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে সিএনজি অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই দুই নারীর মৃত্যু হয়। ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ঘটনাস্থলে দুই নারী নিহত হয়েছেন। পরবর্তীতে হাসপাতালে অটোরিকশা চালক ও একটি কন্যা শিশু মারা গেছে। আমরা বাস ও পিকআপকে চিহ্নিত করার চেষ্টা করছি।



















