ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে (৪৩) গ্রেফতার করেছে র্যাব। হত্যাচেষ্টার ওই ঘটনায় তার জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেফতার করা হয়।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে এ তথ্য জানিয়েছে র্যাব। পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করেন র্যাব ২- এর এসআই (নিরস্ত্র) বিপ্লব বাড়ৈ।
গ্রেফতার মো. আব্দুল হান্নান চাঁপাইনবাবগঞ্জ সদরের সুন্দরপুর বাগডাঙ্গা পশ্চিমপাড়া গ্রামের মো. আবুল কাশেমের ছেলে। তার বর্তমান ঠিকানা মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকা।
এসআই (নিরস্ত্র) বিপ্লব বাড়ৈ জানান, ফোর্সসহ মোহাম্মদপুর থানা এলাকায় ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে আসামিকে শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল ৪টা ২০ মিনিটে চাঁদ উদ্যান এলাকা থেকে গ্রেফতার করা হয়। গত শুক্রবার (১২ ডিসেম্বর) বিজয় নগর ক্রসিং পার হওয়ার সময় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি রিকশায় করে যাওয়ার পথে অজ্ঞাতনামা সন্ত্রসীরা একটি মোটরসাইকেলে করে তার মাথায় হত্যার উদ্দেশ্যে গুলি করে পালিয়ে যায়। ওই গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির রেজি. নম্বর শনাক্ত করা সম্ভব হয়। রেজি. নম্বর ঢাকা মেট্রো. ল-৫৪-৬৩৭৫ বিআরটিএর মাধ্যমে প্রাথমিকভাবে যাচাই করে মোটরসাইকেলটির মালিক মো. আব্দুল হান্নান বলে জানা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ওই মোটরসাইকেলটির মালিক বলে জানান।
এসআই জানান, আসামি বর্ণিত ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটির প্রকৃত মালিক বিধায় তিনি এই গুলির ঘটনায় জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। আসামি গুলির ঘটনার মতো অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে। তাই পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য আসামিকে পল্টন মডেল থানায় হস্থান্তর করা হয়।



















