ট্রাক প্রতীকে ভোটের আহ্বান, বাবুগঞ্জে-মুলাদীতে আধুনিক হাসপাতাল ও ফ্যাক্টরি নির্মাণের অঙ্গীকার
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন ব্যতিক্রমধর্মী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
শনিবার (৩১ জানুয়ারি) তিনি দিনভর বাবুগঞ্জের বিভিন্ন গ্রাম ও হাটবাজারে সরাসরি ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। এদিন তিনি মাধবপাশা ইউনিয়নের মাধবপাশা বাজার, সাতমাইল ও মোহনগঞ্জ বাজারসহ আশেপাশের বাড়ীতে গিয়ে ভোট চান।

ফারদিন ইয়ামিন স্থানীয় জনগণের দুঃখ–দুর্দশা শোনার পাশাপাশি গণঅধিকার পরিষদের লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন। তিনি বলেন, “ইতালির অভিজ্ঞতা কাজে লাগিয়ে টেকসই উন্নয়ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে বরিশাল–৩ আসনে নির্বাচন করছি। আমাদের লক্ষ্য স্থানীয় জনগণকে সেবার মাধ্যমে ক্ষমতায় আনা।”
প্রার্থী নির্বাচিত হলে বাবুগঞ্জ ও মুলাদীতে দুটি আধুনিক হাসপাতাল নির্মাণের পাশাপাশি স্থানীয় বেকারত্ব কমাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ছোট ফ্যাক্টরি স্থাপন এবং নদীভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করবেন বলে জানান।
ফারদিন ইয়ামিন জনগণের কাছে আহ্বান জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাক প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করুন। তিনি উল্লেখ করেন, “ভ্যানযোগে এই ব্যতিক্রমধর্মী প্রচারণা স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। দলীয় নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।”


















