বরিশাল-৩: দেহেরগতি আনন্দ মিছিলে ধানের শীষকে বিজয়ী করতে একাট্টা নেতাকর্মীরা
রুবেল সরদার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে বিএনপি এখন বেশ আত্মবিশ্বাসী। দীর্ঘদিনের গৃহবিবাদ ও বিভাজন ভুলে ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে বিজয়ী করতে এক কাতারে দাঁড়িয়েছেন দলীয় নেতাকর্মীরা।
২১ জানুয়ারি সন্ধ্যার পর দেহেরগতি ইউনিয়ন বিএনপির আয়োজনে দেহেরগতি নতুনহাট থেকে রাকুদিয়া বালিকা মাদ্রাসা পর্যন্ত একটি আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন স্লোগানে মুখর হয়ে উঠে পুরো এলাকা।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীনের পক্ষে প্রচারণা কার্যক্রম চালানো হয়। এতে অংশ নেন বরিশাল দক্ষিণ জেলা বিএনপির অন্যতম সদস্য এবং বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার।
প্রচারণাকালে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা আক্তার, দেহেরগতি ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাফিজুর ফারুক, সদস্য সচিব আনোয়ার হোসেন হেমায়েত, উপজেলা যুবদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবসহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ইসরত হোসেন কচি তালুকদার বলেন, “আমরা প্রতীক পেয়েছি। প্রতীক পাওয়ার পর আপনাদের জানাতে এসেছি। আগামী ১২ ফেব্রুয়ারি আপনারা ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবেন। গণমানুষের নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদীনকে বিজয় উপহার দেবেন।”
দলীয় সূত্রে জানা গেছে, দলীয় ঐক্য ও সাংগঠনিক তৎপরতা বাড়ায় বরিশাল-৩ আসনে বিএনপির নির্বাচনী মাঠে নতুন গতি সৃষ্টি হয়েছে।



















