বাবুগঞ্জে ভিডব্লিউবি কর্মসূচির আওতায় ৪০২ নারীকে ৩০ কেজি করে চাল বিতরণ
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় VWB কর্মসূচির আওতায় ৪০২ জন কার্ডধারী নারীকে জনপ্রতি ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) উপজেলার ৫ নম্বর রহমতপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এ চাল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। তিনি বলেন, “নারীদের আত্মনির্ভরশীল হতে হবে। সমাজকে এগিয়ে নিতে হলে কাউকে অন্ধভাবে অনুসরণ না করে নিজেদের সক্ষমতা গড়ে তুলতে হবে।”
এ সময় তিনি আসন্ন ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে উপস্থিতদের সচেতন করেন এবং শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা ইয়াসমিন, রহমতপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. তারিকুর রহমান চৌধুরী, প্যানেল চেয়ারম্যান মো. সুমন সিকদার, ইউপি সদস্য জামাল হোসেন, পুতুল আব্দুস সালাম, রহিমা বেগমসহ উপকারভোগী নারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।



















