নির্বাচিত হলে বাবুগঞ্জে ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের ঘোষণা-ধানের শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবেদীনের
রুবেল সরদার, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন জানিয়েছেন, নির্বাচিত হলে বাবুগঞ্জে একটি ৫০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মাঠিককাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, পুরুষদের পাশাপাশি নারীদের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষিত নারীদের পড়াশোনার সব খরচ বিএনপি বহন করবে। পাশাপাশি কুটির শিল্প, হাঁস-মুরগি ও গবাদিপশুর খামার গড়ে তুলতে আগ্রহী নারীদের জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থা করা হবে। এছাড়া ফ্যামিলি কার্ডের সুবিধা প্রদান এবং বয়স্ক ও বিধবাদের জন্য মাসিক ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা সহায়তা দেওয়া হবে।
অ্যাডভোকেট জয়নুল আবেদীন অভিযোগ করেন, গত নির্বাচনে যারা ভোটের জন্য টাকা বিতরণ করেছিলেন, তারা আবারও ভোট কেনার চেষ্টা করছেন। তিনি ভোটারদের উদ্দেশে বলেন,
“আপনি কি টাকা-পয়সা নিয়ে ভোট দেবেন? আমি বিশ্বাস করি না। সেই ভোট দেবেন না। কারণ গত পাঁচ বছরে বাবুগঞ্জে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি। আমি নির্বাচিত হলে রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করব।”
উঠান বৈঠকে রহমতপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আ. করিম হাওলাদার সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফুল ইসলাম রবিন।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনবিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান আসাদ, সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন মঙ্গুর কন্যা ডা. জাহানারা লাইজু, বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি তালুকদার, উপজেলা বিএনপির সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, যুগ্ম আহ্বায়ক সামসুল আলম ফকির, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল সিকদার, জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু, জেলা মহিলা দলের সভাপতি রেশমা রহমানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
শেষে জয়নুল আবেদীন ভোটারদের উদ্দেশে বলেন, “আমি আপনাদের সবার ভাই। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করুন। আমি আপনাদের উন্নয়ন ও কল্যাণে কাজ করব।”



















