গরম পানিতে ঝলসে দেওয়া ১৪ বছরের গৃহকর্মী, অবশেষে পুলিশের জালে প্রবাসীর স্ত্রী
বরিশাল প্রতিনিধিঃ বরিশালের মেহেন্দিগঞ্জ-এ গরম পানিতে ঝলসে দেওয়া হয়েছে ১৪ বছর বয়সী এক শিশুগৃহকর্মীকে। এ ঘটনায় অভিযুক্ত প্রবাসীর স্ত্রী ফাইজা আক্তারকে শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে আহত শিশুটি মেহেন্দিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, লামিয়া (১৪) গত ছয় বছর ধরে প্রবাসী জহির তালুকদারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিল। শিশুটির অভিযোগ, গৃহকর্ত্রী ফাইজা আক্তার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রায়ই তাকে মারধর ও নির্যাতন করতেন। বৃহস্পতিবার গভীর রাতে সামান্য অজুহাতে তার শরীরে গরম পানি ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ করেছে লামিয়া। এতে তার একটি হাতের প্রায় ৯০ শতাংশ ঝলসে যায়।
অভিযোগ রয়েছে, গুরুতর দগ্ধ হওয়ার পরও তাকে চিকিৎসকের কাছে নেওয়া হয়নি। শুক্রবার সকালে কোনোভাবে পালিয়ে লামিয়া তার মামা সিরাজুল ইসলামের কাছে আশ্রয় নেয়। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় এবং মেহেন্দিগঞ্জ থানা-য় একটি মামলা দায়ের করা হয়।
মামলার পরিপ্রেক্ষিতে মেহেন্দিগঞ্জ থানা-র অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদারের নির্দেশে পুলিশের একটি দল অভিযান চালায়। এসআই মোশারেফ হোসেনের নেতৃত্বে পৌরসভার চরহোগলা এলাকা থেকে অভিযুক্ত ফাইজা আক্তারকে আটক করা হয়।
ওসি জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি উল্লেখ করেন।
এ ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।



















