বাবুগঞ্জের চাঁদপাশায় ধানের শীষের জনসভা জনসমুদ্রে রূপান্তর
রুবেল সরদার, বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী এবং কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নির্বাচনী জনসভা জনসমুদ্রে রূপ নিয়েছে। শুক্রবার বিকেলে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় আশপাশের বিভিন্ন গ্রাম থেকে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
বিকেল গড়াতেই সভাস্থল লোকে লোকারণ্য হয়ে ওঠে। ধানের শীষ প্রতীকের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। উপস্থিতরা বলছেন, জনসভায় মানুষের ঢল স্থানীয় রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

সভায় প্রধান অতিথি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, “এই দেশে এখনও অনেক এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। আমি নির্বাচিত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে। নদীভাঙন রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। মা-বোনদের শিক্ষার হার বাড়াতে হবে। আমার নেতা ঘোষণা দিয়েছেন—কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে। বোনদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, তরুণদের জন্য কর্মসংস্থান নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “আমি এই মাটির সন্তান। সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। আগামী ১২ তারিখ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি।”
সভায় চাঁদপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর হোসেন স্বপন সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক শাহিন হোসেন সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
জেলা পর্যায়ের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন, বরিশাল জেলা যুবদলের সহ-সভাপতি আওলাদ হোসেন এবং বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রেশমা আক্তার।
উপজেলা পর্যায়ের নেতৃত্বে ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি ইসরত হোসেন কচি তালুকদার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম প্রিন্স, যুগ্ম আহ্বায়ক শামসুল আলম ফকির এবং যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল শিকদার।
যুবদল থেকে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব ওবায়দুল হক এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল। স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কালাম আজাদ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান সোহাগ। উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেনও সভায় উপস্থিত ছিলেন।
জনসভায় অন্যান্য বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা জানিয়েছেন, চাঁদপাশার জনগণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে ধানের শীষের পক্ষে গণজোয়ার তৈরি করেছে। সভা শেষে পুরো এলাকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
উল্লেখ্য, এর আগে রাজগুরু নতুনচর এলাকায় অনুষ্ঠিত একটি উঠান বৈঠকে অংশগ্রহণ করেছিলেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন।



















