বরিশাল-৩ আসনে হাতপাখা প্রতীক নিয়ে এককভাবে নির্বাচন করবেন ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা সিরাজুল ইসলাম
বরিশাল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে হাতপাখা প্রতীক নিয়ে এককভাবে নির্বাচন করবেন উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম।
গত ১৬ জানুয়ারি দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো রাজনৈতিক সমঝোতা বা নির্বাচনী জোটে অংশ না নিয়ে এককভাবেই নির্বাচনে অংশগ্রহণ করবে। এরই পরিপ্রেক্ষিতে বরিশাল-৩ আসনে মাওলানা সিরাজুল ইসলাম একক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দলীয় সূত্র জানায়, এর আগেও মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।
বর্তমানে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এবং বরিশাল জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে তিনি সংগঠনের বিভিন্ন দায়িত্বে যুক্ত রয়েছেন এবং বরিশাল জেলার বিভিন্ন উপজেলায় দলীয় কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় সংসদে উপস্থাপন করাই তার লক্ষ্য। এ সময় তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মীদের তৎপরতা বাড়তে শুরু করেছে। প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।



















