বরিশাল-৩ আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলামের ব্যাপক গণসংযোগ
বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর বাজারসহ বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দিনভর তিনি এসব এলাকায় গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় তিনি বাজারের ব্যবসায়ী, সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণের মাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও কর্মসূচি তুলে ধরেন।
গণসংযোগকালে মাওলানা সিরাজুল ইসলাম বলেন, ইসলামভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য। জনগণের সমর্থন পেলে তিনি এসব লক্ষ্য বাস্তবায়নে কাজ করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। তারা হাতপাখা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং একটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ প্রত্যাশা করেন।
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ রহমাতুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ শামসুল হক, যুব আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা মোঃ আব্দুল্লাহসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।



















