তিন দশক পর বাবুগঞ্জে ফের সিঁধেল চুরি, এলাকায় আতঙ্ক
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় প্রায় তিন দশক পর আবারও সিঁধেল চুরির ঘটনা ঘটেছে। দীর্ঘদিন পর এ ধরনের চুরি নতুন করে শুরু হওয়ায় এলাকায় চুরি ও নিরাপত্তা নিয়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি ঘটে উপজেলার রাকুদিয়া গ্রামের বাসিন্দা রতন সরদারের বাড়িতে। সোমবার (১২ জানুয়ারি) ভোররাতে, রোববার দিবাগত রাতের কোনো এক সময় চোরচক্র বাড়ির দেয়ালে জোড়া সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে।
স্থানীয় বাসিন্দা নোমান হাওলাদার জানান, “গত প্রায় ৩০ বছরে এলাকায় এমন সিঁধেল চুরির ঘটনা আর দেখা যায়নি। ছোটবেলায় এসব ঘটনা নিয়মিত ঘটলেও দীর্ঘদিন ধরে পরিবেশ শান্ত ছিল। হঠাৎ আবার শুরু হওয়ায় সবাই দুশ্চিন্তায় আছি।”
ভুক্তভোগী রতন সরদার জানান, চাকরির সুবাদে তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনার সময় বাড়িতে তার মা ও বোনসহ পাঁচজন নারী সদস্য ছিলেন। চোরচক্র প্রথমে সামনের বারান্দার দেয়াল কেটে ঘরে প্রবেশের চেষ্টা করে। পরে ভেতরের কক্ষের দরজা বন্ধ থাকায় ঘরের মাঝামাঝি অংশে আরও একটি সিঁধ কেটে ঘরে ঢোকে। তবে বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও একটি ব্যাগে থাকা তিন হাজার টাকা নিয়ে চোরেরা পালিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে তার বোন সিঁধ কাটা দুটি স্থান দেখতে পান।
রাকুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান বলেন, “একসময় এ অঞ্চলে সিঁধেল চুরির ঘটনা প্রায়ই শোনা যেত। দীর্ঘদিন পর এমন ঘটনায় এলাকাবাসীর জানমালের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।”
এ বিষয়ে বাবুগঞ্জ থানার সেকেন্ড অফিসার অরবিন্দ বিশ্বাস জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি গুরুত্বসহকারে খোঁজখবর নিচ্ছে।
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়ে পাশের উজিরপুর উপজেলাতেও একাধিক সিঁধেল চুরির ঘটনা ঘটে। জেলার পাশাপাশি দুটি উপজেলায় পরপর এমন ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা নিয়ে আতঙ্ক ও উদ্বেগ ক্রমেই বাড়ছে।



















