বরিশাল-৩ আসনের এমপি জয়নুল আবেদীন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় মাধবপাশায় বিএনপির শুভেচ্ছা মিছিল
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জয়নুল আবেদীন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ করেছে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৫ জুলাই) বিকেলে মাধবপাশা বাজার এলাকায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে শতাধিক নেতাকর্মী অংশ নেন। তারা অভিনন্দনসূচক ব্যানার নিয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে নেতাকর্মীরা অ্যাডভোকেট জয়নুল আবেদীনের প্রতি শুভেচ্ছা ও সমর্থন জানান এবং তাঁর নতুন দায়িত্ব সফলভাবে পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীনের এ অর্জন বরিশাল-৩ আসনের জনগণের জন্য গর্বের বিষয়। তাঁর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা দেশের গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির কার্যক্রমকে আরও কার্যকর করবে বলে তারা আশা প্রকাশ করেন। একই সঙ্গে জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সংসদে আরও জোরালোভাবে উপস্থাপিত হবে বলেও বক্তারা মন্তব্য করেন।
সমাবেশে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সালাউদ্দিন তালুকদার মিন্টু, সাংগঠনিক সম্পাদক মাসুদ হোসেন মোল্লা, সহ-সভাপতি ইউসুফ তালুকদার, আনোয়ার তালুকদার ও নিজামুল হাসান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হানিফ তালুকদার লিটন, মাধবপাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আতিফুর রহমান সবুজ, সদস্য সচিব রুবেল হোসেন, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোর্শেদ, জেলা ছাত্রদল নেতা নাজমুল হাসান শাহীন এবং মাধবপাশা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রনি তালুকদারসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে নেতাকর্মীরা অ্যাডভোকেট জয়নুল আবেদীনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন দায়িত্বে সফলতা কামনা করেন এবং জনগণের কল্যাণে তাঁর নেতৃত্বে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


















