ভেকুর হাতল ধরেই খাল পুনঃখননের সূচনা এমপি জয়নুল আবেদীনের
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মুশরিয়া এলাকায় বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ভেকুর হাতল ধরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
সারাদেশে পুকুর ও খাল উন্নয়ন (১ম সংশোধনী) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়ন করছে। বাবুগঞ্জ উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে রাজার বের খাল পুনঃখনন করা হচ্ছে।
খালপাড়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা। প্রধান অতিথির বক্তব্যে এমপি জয়নুল আবেদীন বলেন, দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকা এই খাল পুনঃখননের ফলে এলাকায় কৃষি কাজে সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং জলাবদ্ধতা নিরসন হবে।
তিনি আরও বলেন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং সেচ ব্যবস্থার উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে। খুব শিগগিরই বাবুগঞ্জ-মুলাদী এলাকায় সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণসহ চলমান উন্নয়ন কাজ দৃশ্যমান হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, উন্নয়ন কাজে কোনো ধরনের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। কেউ ঠিকাদারের কাছে চাঁদা দাবি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি কাজের মান ঠিকভাবে হচ্ছে কিনা তা তদারকির আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সাবেক সভাপতি ইসরত হোসেন কচি এবং সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সামসুল আলম ফকির, ইউনুস আলী রবি, যুগ্ম আহ্বায়ক এবিএম মোস্তাফিজুর রহমান ফারুক, আলমগীর হোসেন স্বপন, অহিদুল ইসলাম খান এবং মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাহাবুব তালুকদারসহ স্থানীয় নেতাকর্মীরা।



















