মনোহরদী (নরসিংদী) প্রতিনিধিঃ
নরসিংদী, মনোহরদীতে মাকে বিরল সম্মান দিয়ে ঢাকা থেকে হেলিকপ্টারে চড়িয়ে বাড়ীতে আনলেন ছেলেরা।আজ শনিবার দুপুরে মনোহরদীর বড়চাপা গ্রামের হাইস্কুল মাঠে এ ঘটনাটি ঘটেছে।
মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের প্রয়াত ইউপি চেয়ারম্যান লুৎফুর রহমান হীরুর স্ত্রী রহিমা রহমান(৭৬)। ছোট ছেলে সরকারী কলেজ শিক্ষক আবদুল্লাহ কাইয়ুমকে নিয়ে তিনি গতমাসে ওমরা হজ্জ করতে সৌদী আরবে যান।সেখান থেকে ঢাকায় ফেরার পর তার অপর ছেলে খায়রুল বাসার আখি মায়ের অনুমতি সাপেক্ষে তাকে বাড়ী আনতে একটি হেলিকপ্টার ভাড়া করেন।জনতা ব্যান্কের প্রিন্সিপাল অফিসার ছেলে আখি জানান,সে অনুযায়ী আজ দুপুর সাড়ে ১২ টার দিকে মাকে হেলিকপ্টারে চড়িয়ে বাড়ী আসেন তিনি।এ সময় আখি ছাড়াও বড়োভাই বড়চাপা কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ এহসান, ছোট ভাই কলেজ শিক্ষক আবদুল্লাহ কাইয়ুমও মায়ের সাথে কপ্টারে ছিলেন।শনিবার দুপুর ১২ টার দিকে তাদের নিয়ে কপ্টারটি বড়চাপা হাইস্কুল মাঠে এসে নামে।এক প্রশ্নের জবাবে আখি জানান,হেলিকপ্টার ভাড়ায় তার প্রায় ৮০ হাজার টাকার মতো খরচ হয়েছে। তবে মাকে খুশী করার তুলনায় এ টাকা কিছুই নয় বলে মনে করছেন ছেলে আখি।এ ব্যাপারে কথা হলে মা রহিমা রহমান জানান,ছেলের আবদার ফেলতে পারেননি তিনি। আর ছেলেকে খুশী করতে পেরে নিজেও তিনি খুশী বলেও জানালেন রহিমা রহমান।


















