নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভিসা প্রতারণার মামলায় অভিযুক্ত আসামি বেনজির খান রাজের দেয়া বিদায়ী সংবর্ধনাকে ঘিরে তুমুল সমালোচনা সৃষ্টি হয়েছে। সদ্য বদলি হওয়া কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলামকে ক্রেস্ট ও উপঢৌকন দিয়ে সংবর্ধনা প্রদান করেন তিনি। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার ঝড় ওঠেছে।
চ্যানেল 24-এ প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদনে নীলফামারীতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভিসা প্রতারকচক্র, তাদের বিলাসী জীবনযাপন এবং প্রশাসনের উদাসীনতা প্রকাশ পেলে নড়েচড়ে বসে কর্তৃপক্ষ। যৌথবাহিনীর অভিযানে শুরু হয় প্রতারকদের ধরপাকড়। এর ধারাবাহিকতায় কুড়িগ্রামের নাগেশ্বরীর জাহেদুল ইসলামের দায়ের করা ১৬ লাখ ৯০ হাজার টাকার ভিসা প্রতারণা মামলায় ১১ নভেম্বর গ্রেপ্তার হন বেনজির খান রাজ। হাজতবাস শেষে তিনি সম্প্রতি জামিনে মুক্তি পান।
মুক্তির পর তিনি জানতে পারেন তার ‘ভালো লাগার মানুষ’ ওসি আশরাফুল ইসলাম থানা ত্যাগ করছেন। এরপর থানায় গিয়ে ওসির হাতে ক্রেস্ট ও বিভিন্ন উপহার তুলে দেন বেনজির। শনিবার সকালে সেই সংবর্ধনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা যায়- ভিসা প্রতারণার মামলার তিন এজাহারভুক্ত আসামি ও এক পরিচিত মাদককারবারি বিদায়ী ওসিকে ক্রেস্ট দিচ্ছেন।
ছবিগুলো ভাইরাল হলে সমালোচনা আরও তীব্র হয়। পরে বেনজির খান রাজ নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেন- তিনি ওসি আশরাফুলকে এতটাই ভালোবাসেন যে ‘কলিজা ছিঁড়ে দিলেও কষ্ট লাগবে না’। সমালোচকদের উদ্দেশে তার পোস্টে রয়েছে বিভিন্ন হুমকি ও প্রতিশোধের বার্তা।
স্থানীয়দের অভিযোগ, দায়িত্ব পালনকালে ওসি আশরাফুল ইসলামের বিরুদ্ধে ভিসা প্রতারকচক্রের সঙ্গে ঘুষ-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছিল। গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলার ঘটনায় সাংবাদিকদের গ্রেপ্তারের হুমকি দেয়ার পর তিনি ব্যাপক আলোচনায় আসেন।
এ বিষয়ে বিদায়ী কর্মকর্তার বক্তব্য পাওয়া না গেলেও কিশোরগঞ্জ থানা-ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কুদ্দুস নিশ্চিত করেছেন যে বেনজিরসহ আরও কয়েকজন থানায় এসে ওসিকে ক্রেস্ট দিয়েছেন।


















