https://www.facebook.com/shirsokhabor/
Tuesday , 30 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

মনোনয়নপত্র তুললেও জমা দিতে পারলেন না হিরো আলম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু–নন্দীগ্রাম) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিলেও শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারেননি আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম। নির্ধারিত সময়সীমার আধা ঘণ্টা পর মনোনয়নপত্র জমা দিতে গেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ করেননি।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমানের কার্যালয় থেকে বগুড়া-৪ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেন হিরো আলম।

তিনি জানান, আমজনতা পার্টির ব্যানারে নির্বাচনে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র কেনা হয়েছিল।

হিরো আলমের ভাষ্য অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রয়োজনীয় কিছু কাগজপত্রে ত্রুটি থাকায় সংশোধনের জন্য তাকে ফেরত পাঠানো হয়। পরে কাগজপত্র ঠিক করে পুনরায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসতে আসতেই মনোনয়ন দাখিলের নির্ধারিত সময় শেষ হয়ে যায়। ফলে নিয়ম অনুযায়ী তার মনোনয়নপত্র আর গ্রহণ করা হয়নি।

তিনি বলেন, “আমার কাগজপত্র ঠিক করতে প্রায় ৩০ মিনিট বেশি সময় লেগেছে। সাড়ে পাঁচটার দিকে এসে মনোনয়নপত্র জমা দিতে চাইলে তা নেওয়া হয়নি। এখন ঢাকায় গিয়ে আপিল করার প্রস্তুতি নিচ্ছি। দেখি, এ বিষয়ে কী করা যায়।”

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান বলেন, “তাকে আগেই জানানো হয়েছিল বিকেল পাঁচটার মধ্যেই মনোনয়নপত্র জমা দিতে হবে। কিন্তু তিনি নির্ধারিত সময়ের মধ্যে আসতে পারেননি। বিধি অনুযায়ী সময় শেষ হওয়ার পর মনোনয়নপত্র গ্রহণ করার সুযোগ নেই।”

মনোনয়নপত্র তোলার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিরো আলম নির্বাচন ঘিরে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “আমি সব সময় হামলা-মামলার শিকার হয়ে আসছি। তাই আমার নিরাপত্তার জন্য গানম্যান প্রয়োজন। অনেক প্রার্থীই নিরাপত্তা চাইছেন। নির্বাচন কতটা সুষ্ঠু হবে, তা নিয়ে সংশয় আছে। আমরা সবাই চাই সুষ্ঠু নির্বাচন, কিন্তু আগের কয়েকটি নির্বাচনে তা হয়নি।”

নির্বাচন প্রসঙ্গে হিরো আলম জানান, অনেকেই তাকে বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচন করার পরামর্শ দিয়েছিলেন। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ায় তার প্রতি সম্মান জানিয়ে তিনি সেখানে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নেন। তিনি বলেন, “আমি আগেও বগুড়া-৪ আসন থেকে নির্বাচন করেছি। এবারও সেখান থেকেই নির্বাচন করব।”

সর্বশেষ - আন্তর্জাতিক