বরিশাল–৩ আসনে নির্বাচনী মাঠে ব্যারিস্টার ফুয়াদ
“জুলাইয়ের আত্মত্যাগের চেতনায় ন্যায় ও ইনসাফের বাংলাদেশ চাই”
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের নির্বাচনী মাঠে আনুষ্ঠানিকভাবে নামলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা ১০ দলীয় জোটের প্রার্থী মোঃ আসাদুজ্জামান ভুইয়া (ব্যারিস্টার ফুয়াদ)। ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পর তিনি তার নির্বাচনী অফিস উদ্বোধনের মাধ্যমে প্রচার কার্যক্রম শুরু করেন।
নির্বাচনী অফিস উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ব্যারিস্টার ফুয়াদ সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা, ২০২৪ সালের গণআন্দোলন এবং রাষ্ট্র পরিচালনার ব্যর্থতার কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে টানা ৩৬ দিনের যে আন্দোলন হয়েছে, সেটিকে সাধারণ সরকারবিরোধী আন্দোলন হিসেবে দেখার সুযোগ নেই। এটি কোনো বিচ্ছিন্ন দুর্নীতি, খুন বা অনিয়মের প্রতিবাদও ছিল না। বরং এটি ছিল ইতিহাসে বিরল এক গণজাগরণ, যেখানে রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত নন—এমন তরুণরাই নেতৃত্ব দিয়েছেন।
ব্যারিস্টার ফুয়াদের ভাষায়, গত একশ বছরে পুরো ভারতবর্ষজুড়ে এমন ত্যাগ ও সংগ্রামের নজির খুব কমই রয়েছে। তিনি বলেন, তরুণরা দেয়ালে দেয়ালে লিখে দিয়েছিল—লাখো শহীদের রক্তে কেনা এই দেশ কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। যতবার জুলুম ফিরে আসবে, ততবারই প্রতিরোধ গড়ে উঠবে।
বর্তমান রাষ্ট্রব্যবস্থার চিত্র তুলে ধরে তিনি অভিযোগ করেন, দেশে হাসপাতালের দালালচক্র, চাঁদাবাজি ও ইভটিজিং ভয়াবহ রূপ নিয়েছে। কৃষক প্রয়োজনীয় সার, বীজ ও কীটনাশক পাচ্ছে না। প্রবাসীরা কষ্টার্জিত অর্থ পাঠালেও তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকেও সাধারণ মানুষ ন্যায্য সেবা পাচ্ছে না। বরং রাজনৈতিক ও অপরাধী চক্রের মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছে মানুষ।
তিনি বলেন, যে রাষ্ট্র তার নাগরিককে নিরাপত্তা দিতে পারে না, সেখানে প্রতিনিয়ত গুম ও খুনের আশঙ্কা থেকেই যায়। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে রাষ্ট্র পরিচালনার কাঠামো পরিবর্তন করতে হবে।
বক্তব্যের শেষাংশে ব্যারিস্টার ফুয়াদ বলেন, জুলাইয়ের আত্মত্যাগের চেতনার আলোকে ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি ভোট প্রয়োগের মাধ্যমে জনগণকে তাদের অবস্থান জানাতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা কমিটির আমির মোঃ রফিকুল ইসলাম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান অলিদ, উপজেলা সেক্রেটারি ও সিনিয়র আইনজীবী রুহুল আমীন খায়ের, আঃ ছালাম মাঝি, এবি পার্টির বরিশাল-৩ আসনের নির্বাচন কমিটির আহ্বায়ক সুজন তালুকদার, জেলা মহানগর সদস্য সচিব জিএম রাব্বীসহ বিভিন্ন ইউনিয়নের আমির ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


















