https://www.facebook.com/shirsokhabor/
শুক্রবার , ১৬ জানুয়ারি ২০২৬ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে নয়, এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

প্রতিবেদক
Rubel Sardar
জানুয়ারি ১৬, ২০২৬ ৯:৫৯ পূর্বাহ্ণ
ইপেপার দেখুন

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে নয়, এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন

নিজস্ব প্রতিবেদক :
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যাচ্ছে না ইসলামী আন্দোলন বাংলাদেশ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি এককভাবে ২৬৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে ঘোষণা দিয়েছে দলটির নেতৃত্ব।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৭০টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছে। এর মধ্যে আপিলে দুইজনের মনোনয়ন বাতিল হয়েছে। বাকি ২৬৮ জন প্রার্থী বর্তমানে মাঠে সক্রিয়ভাবে কাজ করছেন। আমরা তাদের স্পষ্ট নির্দেশনা দিয়েছি—তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও মনোনয়ন প্রত্যাহার করবেন না।”

জোটে না যাওয়ার সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে গিয়ে গাজী আতাউর রহমান বলেন, “আমরা এ দেশের ইসলামপন্থি জনতার আবেগের সঙ্গে কোনোভাবেই প্রতারণা করতে পারি না। ইসলাম প্রতিষ্ঠা, ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়ন এবং ইসলামের আলোকে একটি কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। এ পথ থেকে বিচ্যুত হওয়ার সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “আপনারা লক্ষ্য করেছেন, সম্প্রতি ১১ দলীয় জোটের ব্যানারে একটি সংবাদ সম্মেলন হয়েছে, যেখানে আসন বণ্টনও সম্পন্ন হয়েছে। সেখানে আমাদের দীর্ঘদিনের পথচলা ও ৫ আগস্ট-পরবর্তী সময়ে ইসলামপন্থি শক্তিকে একত্রিত করার যে চেষ্টা ছিল, তা শেষ পর্যায়ে এসে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের সম্ভাবনাকে প্রশ্নের মুখে ফেলেছে। সেই শঙ্কা থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি—ইসলামের পক্ষে থাকা শক্তিকে আমাদের নিজেদের হেফাজতেই রাখতে হবে।”

গাজী আতাউর রহমান বলেন, “আমরা জানি সামনে আমাদের পথচলা হয়তো মসৃণ হবে না। কারণ আমরা ক্ষমতার রাজনীতি করি না। আমাদের মূল লক্ষ্য ইসলাম। আমরা নীতি ও আদর্শের রাজনীতি করি। কিন্তু নীতি, ইনসাফ ও রাজনৈতিক ন্যায্যতার প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি। এসব কারণেই আজ আমরা জাতির সামনে স্পষ্টভাবে আমাদের অবস্থান ঘোষণা করতে বাধ্য হয়েছি।”

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ঘোষণার মাধ্যমে আসন্ন জাতীয় নির্বাচনে দলটির একক রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সর্বশেষ - আন্তর্জাতিক