বাবুগঞ্জ উপজেলা সুজনের নতুন সভাপতি সেলিম রেজা, সম্পাদক আরিফ মুন্না
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সুজন—সুশাসনের জন্য নাগরিক কমিটি পুনর্গঠন করা হয়েছে। এতে সৈয়দ মোশারফ রাশিদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা সভাপতি এবং বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আরিফ আহমেদ মুন্না পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সোমবার উপজেলার রহমতপুরে কামিনী রেস্তোরাঁয় আয়োজিত সুজন সম্মেলনে উপস্থিত সদস্যদের কণ্ঠভোটের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সেলিম রেজা এবং সঞ্চালনা করেন আরিফ আহমেদ মুন্না। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও সুজন-এর বরিশাল বিভাগীয় সমন্বয়কারী মেহের আফরোজ মিতা। বিশেষ অতিথি ছিলেন সুজন বরিশাল মহানগর কমিটির সভাপতি সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আবদুল মোতালেব হাওলাদার ও সুজন বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক রণজিৎ কুমার দত্ত।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সহ-সভাপতি প্রধান শিক্ষক সাইদুর রহমান তালেব ও এইচ. এম. ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক হারুন অর রশীদ, কোষাধ্যক্ষ প্রভাষক মনিরুজ্জামান খোকন, প্রচার সম্পাদক প্রভাষক শাহিন মাহমুদসহ মোট ১৮ জন কার্যনির্বাহী সদস্য।
উল্লেখ্য, সাবেক উপজেলা চেয়ারম্যান খালেদা ওহাবের মৃত্যুতে সভাপতির পদ শূন্য হলে কমিটি পুনর্গঠন করা হয়। নবনির্বাচিত সভাপতি সেলিম রেজা সুজন-এর আজীবন সদস্য এবং সাবেক কমিটির সহ-সভাপতি ছিলেন। সম্পাদক আরিফ আহমেদ মুন্না ২০১৮ সাল থেকে সুজন-এর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।



















