দিনাজপুর প্রতিনিধি :
হাসপাতালসহ বিভিন্ন সরকারি দপ্তরে চাকরি, সরকারের দেওয়া সব রকমের ভাতা, রেশন কার্ড এবং বিদেশে লোক পাঠানোর প্রলোভন দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারনার মাধ্যমে গ্রামের সহজ সরল মানুষদের বোকা বানিয়ে টাকা হাতানোর মাধ্যমে প্রতারণা করে আসছিল এই চক্রটি। দিনাজপুরের নবাবগঞ্জে সমাজসেবা অফিসের কর্মচারী পরিচয় দেয়া দুই প্রতারক স্বামী স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। প্রতারকরা হলেন- উপজেলার শাল্টিমুরাদপুর গ্রামের মতিয়ার রহমানের ছেলে হাবিবুর রহমান(৩৪) এবং তার স্ত্রী নাহিদা আফরোজ (২৫)।
প্রতারকরা উপজেলার বিভিন্ন গ্রামে নিজেদের সমাজসেবা অফিসের কর্মচারী পরিচয় দিয়ে প্রতিবন্ধী কার্ড, বয়স্ক- বিধবা ভাতা, গর্ভবর্তী ও মাতৃত্বকালীন ভাতা, টিসিবি কার্ড করিয়ে দেয়াসহ সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি দেয়ার প্রলোভন দিয়ে এবং গরুসহ বেশী টাকা ঋণ দেয়ার কথা বলে গ্রামের সহজ সরল লোকজনের কাছ থেকে বিপুল পরিমান টাকা হাতিয়ে নিয়ে আসছিল।
অন্যদিকে (১০সেপ্টম্বর) রবিবার সন্ধায় প্রতারক স্বামী-স্ত্রী উপজেলার দাউদপুর এলাকার এইচ সুলতানা(হাসিনা সুলতানা) নামক এক নারীর কাছ থেকে চাকরি পাইয়ে দেয়ার কথা বলে ৫৫ হাজার টাকা হাতিয়ে বিভিন্ন টালবাহানা করে আসছিল । একই এলাকার আরও কয়েকজনকে একই প্রলোভন দিয়ে টাকা হাতিয়ে নিয়ে এলাকা ছেড়ে অন্যত্র সটকে পড়ার প্রস্তুতিকালে স্থানীয়দের সন্দেহ হলে প্রতারকদের আটক করে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তারা প্রতারণার কথা স্বীকার করলে স্থানীয়রা ইউ,পি চেয়ারম্যানের সহায়তায় প্রতারকদের পুলিশে সোপর্দ করে স্থানীয় জনতা।
এ ঘটনায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঐ দুই প্রতারকের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একটি প্রতারনার মামলা দায়ের করেছেন।প্রতারকদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শুভ্র প্রকাশ চক্রবর্তী বলেন- বিভিন্ন ভাবে সর্তকতামূলক প্রচারণা করার পরেও ঐ প্রতারকরা দীর্ঘদিন যাবত কৌশলে নিজেদের পরিচয় গোপন করে সমাজসেবা অফিসের কর্মচারীর ভুয়া পরিচয় দিয়ে প্রতিবন্ধী কার্ড, বয়স্ক- বিধবা ভাতা, গর্ভবর্তী ও মাতৃত্ব কালীন ভাতা, টিসিবি কার্ড করিয়ে দেয়ার কথা বলে গ্রামের সহজ সরল লোকজনের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল।



















