৫০০ টাকার বাজিতে খালে ১০০ ডুব, প্রাণ গেল কৃষকের
নিজস্ব প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে মাত্র ৫০০ টাকার একটি বাজিকে কেন্দ্র করে খালে ১০০ বার ডুব দিতে গিয়ে বাবুল মোল্লা (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (সকাল) উপজেলার বড়ইয়া কাছারি বাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বাবুল মোল্লা রাজাপুর উপজেলার বড়ইয়া এলাকার আনসার মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাবুল মোল্লা এক বস্তা চাল মাথায় নিয়ে বড়ইয়া কাছারি বাড়ি বাজারে আসেন। শীতের সকালে ভারী বোঝা বহন করায় শরীর গরম হয়ে উঠলে তিনি রসিকতার ছলে বাজারে উপস্থিত কয়েকজনের সঙ্গে ৫০০ টাকার বাজি ধরেন। বাজির শর্ত ছিল—খালে নেমে একটানা ১০০ বার ডুব দেওয়া।
বাজি জেতার নেশায় বাবুল মোল্লা খালে নেমে টানা ১০০ বার ডুব সম্পন্ন করেন। তবে পানি থেকে তীরে ওঠার পরপরই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে উষ্ণতা দেওয়ার চেষ্টা করেন এবং পরে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, শীতের সকালে দীর্ঘক্ষণ ঠান্ডা পানিতে বারবার ডুব দেওয়ার ফলে অতিরিক্ত ঠান্ডাজনিত জটিলতা বা হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হতে পারে।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাত্র ৫০০ টাকার একটি বাজিকে কেন্দ্র করে এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে সচেতন মহল শীতকালীন সময়ে এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।



















