বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশাল–৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন বলেছেন, “উন্নয়ন বাস্তবায়নে ইতালির অভিজ্ঞতা কাজে লাগাব।”
শনিবার (৭ ফেব্রুয়ারি) বাবুগঞ্জ উপজেলার নাজিরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও হাটবাজারে লিফলেট বিতরণ ও গণসংলাপের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে ফারদিন ইয়ামিন স্থানীয় জনগণের দুঃখ–দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং নূরুল হক নূরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের রাজনৈতিক লক্ষ্য, জনকল্যাণমূলক কর্মসূচি ও রাষ্ট্র সংস্কারের অঙ্গীকার তুলে ধরেন।
তিনি বলেন, নির্বাচিত হলে বাবুগঞ্জ ও মুলাদীতে আধুনিক হাসপাতাল নির্মাণ, স্থানীয় বেকারত্ব কমাতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পকারখানা স্থাপন এবং নদীভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ট্রাক প্রতীকে ভোট দিয়ে গণঅধিকার পরিষদকে শক্তিশালী করুন।” পাশাপাশি তিনি দুর্নীতিমুক্ত রাজনীতি ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আজীবন কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে গণঅধিকার পরিষদের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় তারা স্লোগানে স্লোগানে ট্রাক প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন দীর্ঘদিন ইতালিতে অবস্থান করে সেখানকার উন্নয়ন ও প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন।

















