বাবুগঞ্জে রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটির পরিচিতি সভা, শিক্ষার মানোন্নয়নে সমন্বিতভাবে কাজের প্রত্যয়
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির পরিচিতি সভা, অভিভাবক সমাবেশ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) দুপুর ১২টায় বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. ইয়াছির আরাফাত।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. ইসরত হোসেন কচি তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী হাজী মহিউদ্দিন আহমেদ সবুজ, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এবং বাবুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুর রহমান স্বপন।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার মো. ইয়াছির আরাফাতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের শিক্ষকরা। পরে নবগঠিত পরিচালনা কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
আলোচনায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও শৃঙ্খলা নিশ্চিত করা এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নের বিভিন্ন বিষয় উঠে আসে। শিক্ষার্থীদের সুন্দর ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা বলেন, একটি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে শুধু শিক্ষকদের দায়িত্ব পালন যথেষ্ট নয়; অভিভাবক ও পরিচালনা কমিটির সদস্যদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা সম্ভব।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্বে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


















