বাবুগঞ্জের রহমতপুরে ১৩তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা
বাবুগঞ্জ প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১৩তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় রহমতপুর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আওলাদে রাসুল, নায়েব সাজ্জাদানশীন ও দরবারে গাউছুল আজম এবং দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারীর সার্বিক তত্ত্বাবধানে এবং রহমতপুর দায়রা শাখার আয়োজনে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষায় বাবুগঞ্জের বিভিন্ন স্কুল ও মাদরাসার চতুর্থ থেকে অষ্টম শ্রেণির প্রায় ৩৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে পরীক্ষা কেন্দ্র এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এ সময় আঞ্জুমানে মোত্তাবেয়ানে গাউছে মাইজভান্ডারী (শাহ এমদাদীয়া) কেন্দ্রীয় কার্যকরী সংসদের মো. মোতালেব হোসেন পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল জেলার মাইজভান্ডারী কার্যকরী সংসদের সভাপতি মো. জালাল হাওলাদার এবং বরিশাল জেলা দারুত তালীমের প্রধান মাওলানা আলী আকবর মুন্সী।
রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন অবিনাশ চন্দ্র রায় এবং কেন্দ্রপ্রধানের দায়িত্ব পালন করেন রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোক্তার হোসেন।
পরীক্ষা চলাকালে বিভিন্ন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকরা হল পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে সহযোগিতা করেন।
পরীক্ষার সার্বিক দায়িত্ব পালন করেন রহমতপুর দায়রা শাখার সভাপতি পান্না বেপারী, সদস্য জাহিদ বেপারী, রুবেল খান, সোহাগ বেপারী ও আলতাব হোসেন সরদারসহ দায়রা শাখার একদল স্বেচ্ছাসেবক।
এ মেধা বৃত্তি পরীক্ষা আয়োজনে সার্বিক সহযোগিতা করে চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট।
পরীক্ষার পৃষ্ঠপোষকতায় ছিলেন আওলাদে রাসুল, সাজ্জাদানশীনে দরবারে গাউছুল আজম, রাহনুমায়ে শরীয়ত ও তরীকত আলহাজ্ব হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী।



















