নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে অগ্নিকান্ডে পুড়ে মারা গেল মা সোমা খাতুন সহ দুই সন্তান। এ ঘটনায় আগুন নেভাতে ও নিহতদের উদ্ধার করতে গিয়ে দগ্ধ হয়েছেন আরো ২ জন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বড়াইগ্রাম সদর ইউনিয়নের খাকসা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- গৃহবধূ সোমা খাতুন (৩২), তার মেয়ে অমিয়া খাতুন (১০) ও ছেলে অমর ফারুখ (৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের অলি বকসের (৩৫) বাড়িতে রাতে আগুন লাগে। এ সময় অলি বকস ও তার বৃদ্ধ মা ঘর থেকে বের হতে পারলেও তার স্ত্রী ও সন্তানরা আগুনে পুড়ে মারা যায়। আগুন নেভাতে গিয়ে অলি বকস ও আনোয়ার হোসেন নামে স্থানীয় এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ অগ্নিকান্ডে ৩ টি শয়ন কক্ষ, রান্না ঘর, গোয়াল ঘর সহ শয়ন কক্ষে থাকা আসবাব পত্র, লেপ-তোষক, টিভি, ফ্রিজ পুড়ে ছাই হয়ে যায়।
বনপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আকরামুল হাসান তুষার জানান, আগুনে পরিবারটির আনুমানিক ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে এবং ঘরে থাকা গ্যাস সিলিন্ডার হতে এ আগুনের সূত্রপাত বলে মনে করছি।
ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে শান্তনা ও আর্থিক সহযোগিতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।নিহত পরিবারকে সার্বিক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক আনোয়ার হোসেন দুলাল, বনপাড়া পৌর আওয়ামী লীগের সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস সোবহান সহ অনেকে।



















