https://www.facebook.com/shirsokhabor/
Friday , 19 December 2025 |
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. আরও
  7. কৃষি ও প্রকৃতি
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. চাকরীর খবর
  11. জেলার খবর
  12. জোকস
  13. টপ টেন
  14. তথ্যপ্রযুক্তি
  15. দুর্ঘটনা

গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতার সেলফি কাণ্ডে ২ পুলিশ সদস্য ক্লোজড

চট্টগ্রামের পটিয়া থানায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার সেলফি ও ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

ক্লোজড হওয়া পুলিশ সদস্যরা হলেন— পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হক এবং কনস্টেবল মো. সেলিম।

পুলিশ সূত্র জানায়, গত বুধবার রাতে পটিয়া পৌর সদরের কাগজীপাড়া এলাকা থেকে ছাত্রলীগ নেতা শোয়াইব উল ইসলাম মহিম (২১) কে গ্রেপ্তার করা হয়। তিনি পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের আবুল বশরের ছেলে এবং ওই এলাকার ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি ছিলেন।

গ্রেপ্তারের পর থানায় থাকা অবস্থায় মহিম নিজের ফেসবুক আইডি থেকে একাধিক পোস্ট দেন, যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

একটি স্ট্যাটাসে তিনি লেখেন, “আমার জন্য সবাই দোয়া করবেন। আমি পটিয়া থানায়। দেখা হবে আবারো, ফিরবো বীরের বেশে কোনো একদিন। জয় বাংলা।”

পরবর্তীতে থানার অফিস কক্ষে হাতকড়া পরা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “এই দিন দিন নয়, দিন আরও আছে।”

এছাড়া থানায় থাকা অবস্থায় ঘুমন্ত কনস্টেবল মো. সেলিমের একটি ছবি তুলে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন মহিম। সেটিও মুহূর্তেই ভাইরাল হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি করে।

ঘটনাটি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে দায়িত্বে অবহেলার অভিযোগে এসআই মো. মাহমুদুল হক ও কনস্টেবল মো. সেলিমকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করা হয়।

এদিকে ক্লোজড হওয়ার খবর শুনে কনস্টেবল সেলিম অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয় বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

সর্বশেষ - আন্তর্জাতিক

আপনার জন্য নির্বাচিত