বাবুগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় লাকুটিয়া বাজার থেকে বাবুগঞ্জ হাট পর্যন্ত ৫,৮০৫ মিটার সড়ক মেরামত কাজের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় প্রধান অতিথি হিসেবে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া যতবারই দেশ পরিচালনা করেছেন, ততবারই দেশের মানুষ কাঙ্ক্ষিত উন্নয়নের সুফল পেয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করার পর নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করা হয়েছে। কৃষকদের জন্য কৃষি কার্ডের ব্যবস্থাও করা হয়েছে। ভবিষ্যতেও দেশের উন্নয়ন কার্যক্রম আরও বেগবান করা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, সাবেক সভাপতি ইসরাত হোসেন কচি এবং উপজেলা প্রকৌশলী কাজী এমামুল হক আলীম প্রমুখ।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এ সড়কটির সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন এলাকাবাসী। প্রায় ৮ কোটি ১২ লক্ষ ৭৬ হাজার টাকা ব্যয়ে এ উন্নয়ন কাজ বাস্তবায়িত হবে। সড়কটি উন্নয়ন সম্পন্ন হলে স্থানীয়দের যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর এ সড়ক নিয়ে এলাকাবাসীর মধ্যে হতাশা বিরাজ করছিল। এর আগে এলাকাবাসী মানববন্ধনও করে আসছিল। কাজটি উদ্বোধন হওয়ায় দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটেছে এবং এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।



















