রহমতপুরে নির্বাচনী মাঠে শিমুল সিকদার, চলছে গণসংযোগ ও লিফলেট বিতরণ
বাবুগঞ্জ প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান শিমুল সিকদারের নির্বাচনী প্রচারণা জোরদার হয়েছে। ইউনিয়নের বিভিন্ন এলাকায় নিয়মিত গণসংযোগ, কুশল বিনিময় ও লিফলেট বিতরণ করছেন তিনি।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রহমতপুর ব্রিজ স্টেশন এলাকা ও রহমতপুর বাজারে কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগ করেন শিমুল সিকদার। এ সময় স্থানীয় ব্যবসায়ী, সাধারণ মানুষ ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করে তার নির্বাচনী পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। একই সঙ্গে ইউনিয়নের উন্নয়নে সবার সহযোগিতা ও সমর্থন কামনা করেন তিনি।
গণসংযোগকালে শিমুল সিকদার বলেন, রহমতপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, মাদক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি তার অন্যতম লক্ষ্য। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার কথাও জানান তিনি। এ সময় তিনি বয়োজ্যেষ্ঠদের দোয়া এবং তরুণদের সমর্থন কামনা করেন।
নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড, হাট-বাজার ও গ্রামাঞ্চলে ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন শিমুল সিকদার ও তার কর্মী-সমর্থকেরা। তার সমর্থকদের দাবি, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে এলাকায় শিমুল সিকদারের পরিচিতি রয়েছে। ফলে চেয়ারম্যান পদে তার প্রার্থিতা নিয়ে স্থানীয়দের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
লিফলেট বিতরণ ও গণসংযোগকালে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা জাসাসের সভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদার, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বাচ্চু খলিফা, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. কাওসার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও কর্মী-সমর্থকেরা।



















